নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ ফজলুল হক (৬৫) হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নোবেল সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকার রমজান শেখের ছেলে।
র্যাব-১১-এর অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান স্বাক্ষরিত প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ ফজলুল হকের সঙ্গে নোবেল ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে নোবেল, রবিন, মিলন ও অনন্ত মিলে ফজলুল হককে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে ফজলুল হককে নিজ বাড়িতে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র্যাব-১১।
এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।





