নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, নিষিদ্ধ সংগঠনকে সক্রিয় করার চেষ্টা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টসের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সদস্যরা একত্রিত হয়। অভিযোগ রয়েছে, তারা জনমনে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় রুজু করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৩ জুলাই প্রথমে নিমাইকাশাড়ি মাদানীনগর এলাকা থেকে মাসুদ মিয়া (২৮) এবং একই দিন রাতে বাগমারা এলাকা থেকে রাহুল (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, রাহুল ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।

গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >