নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ২৬ মে ২০২৬ সকালে জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী মালঞ্চ পরিবহনের একটি বাস সানারপাড় ইউটার্ন এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেল দিয়ে রাস্তা অবরোধ করে বাসটি থামায়। পরে তারা চালক ও হেলপারকে মারধর করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নগদ ৯ হাজার ৫০০ টাকা, প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি স্পেয়ার চাকা, গাড়ির কাগজপত্র এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।

পরবর্তীতে কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে চক্রটি বিকাশের মাধ্যমে আরও ৬ হাজার টাকা আদায় করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির একটি দল গত ২২ জুলাই চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন সৈকত (৪০), সেন্টু (৪০), রবিন (৩৫) ও ইউসুফ (২৬) নামে চারজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সৈকতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও দস্যুতার ৬টি মামলা, রবিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতির ৬টি মামলা, ইউসুফের বিরুদ্ধে ২টি এবং সেন্টুর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের সড়ক ও মহাসড়কে বিভিন্ন পরিবহনকে ভয়ভীতি ও মারধরের মাধ্যমে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >