নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) এমদাদুল হক। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা শাখা ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. জুবায়েদ (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে দুইজন মাদক মামলার আসামি, দুইজন চুরি মামলার আসামি, একজন বৈষম্যবিরোধী মামলার আসামি এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ছয়জন রয়েছেন। মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার অন্যরা হলেন মোতালেব, মামুন গাজী, ইসলাম, রাশেদ খান, আসুরা বেগম, ফাহিম, দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, ইসমাঈল হোসেন ও আল আমিন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




