নারায়ণগঞ্জ । রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ শহরে ফের হকারদের বিক্ষোভ, পুনর্বাসনের দাবি

নারায়ণগঞ্জ শহরে আবারও রাস্তায় নেমেছেন হকাররা। পুনর্বাসনের দাবিতে এবং পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ হকার ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করেন তারা।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন হকাররা।

এসময় কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা। সমাবেশ শেষে হকাররা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে কয়েক দফা ঘুরে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় দীর্ঘক্ষণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হকাররা।

সমাবেশে হকার নেতা রনি বলেন, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না। আমাদের জীবিকার প্রশ্ন জড়িত। বসার জায়গা না দিলে বিকল্প ব্যবস্থা করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও হকারদের পুনর্বাসনের কথা বলেছেন। তাই আমরা দ্রুত পুনর্বাসনের দাবি জানাচ্ছি। এর আগে কোনো উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা উচিত নয়।

এর আগে গত ১৩ এপ্রিল শহরের বঙ্গবন্ধু সড়কসহ আশপাশের এলাকায় হকার উচ্ছেদে অভিযান চালায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। অভিযানের আগের রাতেই অনেক হকার স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ায় সেদিন বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি।

তবে উচ্ছেদের এক সপ্তাহের মাথায়, ২০ এপ্রিল প্রথম দফায় মাঠে নামে হকাররা। সেদিনও তারা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করে। এরপর আবারও রোববারের কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি জোরালো করল তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >