নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রথম ধাপে নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে অভিযান চালানো হয়। এ সময় সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট-ওটি কক্ষে স্বাস্থ্যবিধি না মানা, পর্যাপ্ত স্টেরিলাইজেশনের অভাব, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন জনবলের প্রমাণ উপস্থাপন করতে না পারা এবং রোগীর তুলনায় নার্স ও স্টাফের ঘাটতিসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে বি বি রোড এলাকায় পলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, সেবার মূল্য তালিকা না রাখা এবং প্রশিক্ষিত প্যাথোলজিস্ট বা ল্যাব টেকনিশিয়ান ছাড়া পরীক্ষা পরিচালনার মতো গুরুতর অনিয়ম পাওয়া যায়। এ অভিযোগে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোগীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ ব্যবসা করতে পারবে না। এসব অনিয়ম বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে বাংলাদেশ পুলিশ, র্যাব-১১ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।




