রোববার ( ৫ এপ্রিল) রাতে কায়েতপাড়া ইউনিয়নের বরুনা বাজার এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে হামলা কারীরা প্রকাশ্যে আমির হোসেন (৩২) নামে এক যুবককে গলার স্বর্ণের চেইন এবং সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমির হোসেন কে নৃশংসভাবে পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বরুনা এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে আমির হোসেন এলাকার মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত মো. সবুজ (৩৫), মো. রাকিব (২৫), মো. মাহবুব (৩০) ও মো. আলমগীরের (৪০) নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল। আমির হোসেন ও এলাকাবাসী এতে বাধা দিলে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন রাত আনুমানিক ৮টার দিকে আমির হোসেন বরুনা বাজারের মাসদুলের খাবার হোটেলে বসে নাস্তা করছিলেন। এসময় উল্লিখিত আসামিসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হোটেলে প্রবেশ করে। তারা অতর্কিতভাবে আমির হোসেনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে ১নং আসামি সবুজ তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং লাঠি দিয়ে পিটিয়ে দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। মারপিটের একপর্যায়ে ১নং আসামি সবুজ আমির হোসেনের গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি ২নং আসামি রাকিব তার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। আমির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। যাওয়ার সময় তারা ভবিষ্যতে আমির হোসেন ও তার পরিবারকে বড় ধরণের ক্ষতি করার ও প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আহত আমির হোসেনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ এইচ এম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।






