নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
শনিবার (১৫ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,সাবেক এমপি আবুল কালাম, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, আবুল কাউশার আশা সহ বিভিন্ন নেতাকর্মীরা।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, যাকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, তিনি বিএনপির রাজনীতিতে ছিলেন না। তার নাম ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। যার কারণে যেখানেই যাচ্ছি সবাই বলছেন এ প্রার্থীকে তো আমরা চিনি না! আমরা চাই মাঠের যে কোনো একজনকে মনোনয়ন দেওয়া হোক। যিনি রাজপথে ছিলেন, আন্দোলনে ছিলেন,তাদেরকেই মনোনয়ন দিতে হবে।
নেতারা অভিযোগ করেন, মাসুদুজ্জামানের প্রার্থীতা ঘোষণার মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অবিচার করা হয়েছে এবং এ মনোনয়ন প্রত্যাহার করে দলের নিবেদিত ও পরীক্ষিত নেতাদের মধ্য থেকে নতুন প্রার্থী ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলন শেষে মনোনয়নবিরোধী তৃণমূল নেতারা মাসুদুজ্জামানের প্রার্থীতা বাতিলের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।






