নারায়ণগঞ্জ ।
,

বন্দুক হাতে মহড়ার ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জে দুই তরুণ আটক, জব্দ ২ খেলনা বন্দুক

নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় বন্দুক হাতে দুই তরুণের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা বন্দুক জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বন্দর বাজার এলাকার লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)। লিমন তোহা একই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে এবং ইয়াসিন মোল্লা স্বপন মোল্লার ছেলে।

ভিডিওটি ধারণ করা হয়েছিল নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার সিটি নগর পার্কসংলগ্ন এলাকায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা বন্দুক দুটি উদ্ধারের পর পরীক্ষা করে দেখা যায়, সেগুলো খেলনা বন্দুক। দুটি খেলনা বন্দুকই আটক দুই তরুণের কাছ থেকে জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই তরুণ জানিয়েছেন, টিকটকের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছিল। তাদের কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, লিমন ২০২৪ সালে এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। তিনি প্রায় সাত বছর ধরে টিকটক কনটেন্ট তৈরি করছেন। অন্যদিকে ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি এবং প্রায় দুই বছর ধরে টিকটক কনটেন্ট তৈরি করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণকে বন্দুক হাতে সিটি নগর পার্কের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায়। এ সময় তারা পথচারী, রিকশাচালক ও শিশুসহ বিভিন্ন ব্যক্তির দিকে বন্দুক তাক করছিলেন বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্টে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। পরবর্তীতে লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >