নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. বিল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত ৮টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেলগেটের পশ্চিম পাশে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৫১ পুরিয়া হেরোইন, যার আনুমানিক ওজন ৮ গ্রাম, এবং ২৫টি গাঁজার রোল, যার ওজন আনুমানিক ১০০ গ্রাম, উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল নারায়ণগঞ্জ সদর থানার রেললাইন বস্তি এলাকার বাসিন্দা। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে এর আগে ৫টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।






