নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাদল মিয়া নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল মিয়া উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই এলাকার নুরু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল ওরফে টেডা ইকবাল, রানা ও মোমেন মিয়া ব্যবসায়ী বাদল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সোমবার রাতে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ইকবাল ওরফে টেডা ইকবালের নেতৃত্বে ২০/২৫ জন মিলে অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী বাদল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাবজেল বলেন, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।






