নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ। সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প উপজেলার খাদুন এলাকার হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, যা তারাবো পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাবো পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া রোগীরা বিনামূল্যে ওষুধ, মেডিসিন, গাইনি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞদের পরামর্শ এবং ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষার সুবিধা পান। চিকিৎসকদের মধ্যে ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার গাইনি বিশেষজ্ঞ ডা. আজরিনা আফরিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়া এবং শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. নাইমা রহমান।

ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন বলেন, ‘বর্তমান বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন কঠিন হয়ে গেছে। অনেক দরিদ্র মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা নিয়মিতভাবে এসব এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করছি।’

তিনি আরো জানান, ‘রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আমরা এর আগে চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেছি, যা থেকে শত শত মানুষ উপকৃত হয়েছেন। এবারও প্রায় ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। ভবিষ্যতে রূপগঞ্জের সব পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >