নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা আদায়ের বিরোধে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ ব্যাটালিয়নের সিপিএসসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গ্রেফতার শফিকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, চলতি মাসের শুরুতে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় খাবার হোটেল ব্যবসায়ী লোকমান হোসেনের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে শফিক ও তার সহযোগীরা। প্রথমে এক লাখ টাকা নিলেও পরে আরও চার লাখ টাকা দাবি করে তারা।
১৮ অক্টোবর দুপুরে শফিক ও তার দল ওই টাকার জন্য মোটরসাইকেলযোগে এলাকায় আসে। লোকমান টাকা দিতে অস্বীকার করলে তারা গুলি চালায়, এতে লোকমানের ডান পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আহত লোকমানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব-১১ তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে মূল হোতা শফিককে গ্রেফতার করে।







