নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্সসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবু সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল নগর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে কামাল নগর এলাকায় মনির হোসেনের একতলা ভবনের পশ্চিম পাশের একটি কক্ষ থেকে ১০ বোতল উইনসেরেক্স ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা জেলার সদর থানার মজলিশপুর গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মোঃ মনির হোসেন (৪০), যিনি বর্তমানে রূপগঞ্জের কামাল নগর এলাকায় বসবাস করেন; যশোর জেলার চৌগাছা থানার সিংহজুলি গ্রামের মোঃ জামিল হোসেনের ছেলে মোঃ রাব্বী হোসেন (২৬), যিনি বর্তমানে কামাল নগর এলাকায় দেলোয়ার নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন; এবং কুমিল্লা জেলার সদর থানার মজলিশপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে ও মনির হোসেনের স্ত্রী মোসাঃ আমেনা বেগম (৩৬), যিনি বর্তমানে কামাল নগর এলাকায় বসবাস করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





