নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ওই এলাকার একটি পরিত্যক্ত ভবনে কয়েকজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করেন র্যাব সদস্যরা। প্রাথমিকভাবে র্যাবের ধারণা, ভবনটির একটি অংশ মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা পরিত্যক্ত ভবনটিতে ব্যাপক তল্লাশি চালান।
তল্লাশিকালে ভবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তারা কারা এবং ওই অস্ত্র ও মাদকের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








