আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে রাজনৈতিক মাঠ এখন উত্তপ্ত । এরই ধারাবাহিকতায় সরব অবস্থানে দেখা গেছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত এমপি প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে।
তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন,“আমি একজন মুক্তিযোদ্ধা। কোনো হুমকি-ধমকিকে ভয় পাই না। ভয় দেখিয়ে আমাকে রাজনীতি থেকে সরানো যাবে না। একজন মুক্তিযোদ্ধার রক্তে কখনো আপোষ থাকে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে কাশীপুর এলাকায় ধারাবাহিক গণসংযোগ শেষে বিকেলে নরসিংপুর এলাকার একটি স্কুল মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
উঠান বৈঠকে মোহাম্মদ আলী বলেন, নরসিংপুরসহ পুরো এলাকায় দীর্ঘদিনের নানা অবহেলিত সমস্যা জমে আছে। এসব সমস্যা সমাধানে কেবল আশ্বাস নয়, বাস্তব কাজই তার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “এই দেশ তোমাদের। দেশ কিভাবে চলবে, কিভাবে উন্নত হবে— সেই সিদ্ধান্ত তোমাদের হাতেই। তোমরা যদি আমাকে সংসদে পাঠাও, আমি কথা নয়, কাজ দিয়ে জবাব দেব।”
নারী ভোটারদের উদ্দেশে আলাদা করে আহ্বান জানিয়ে তিনি বলেন,“হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে এগিয়ে নিন। আপনাদের সমর্থনই হবে অন্যায়ের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় শক্তি।”
নিজের অতীত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন,“আগেও আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। সমস্যা সমাধানে আমি মাঠে থাকবো, পালিয়ে যাবো না।”
উক্ত উঠান বৈঠকে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ নাগরিক, তরুণ ভোটার ও নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত জনতার করতালি ও স্লোগানে স্পষ্ট— নারায়ণগঞ্জ-৪ আসনে ‘হাতি মার্কা’র জয় যেনো এখন শুধু সময়ের ব্যাপার।




