নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবপুরে হাতি প্রতীকের উঠান বৈঠকে জনসমুদ্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে দিন দিন। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত ‘হাতি’ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সমর্থনে অনুষ্ঠিত হলো এক বিশাল ও উৎসবমুখর নির্বাচনী উঠান বৈঠক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এ উঠান বৈঠক মুহূর্তেই জনসভায় রূপ নেয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় নির্বাচনী উত্তাপে মুখর এক রাজনৈতিক মিলনমেলায়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী। সভায় সভাপতিত্ব করেন সেঞ্চুরী স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চৌরাঙ্গী পেট্রোল পাম্পের চেয়ারম্যান কাজী আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ তোফাজ্জল হোসেন (তাফু)। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সাবেক পরিচালক শফিকুজ্জামান প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিআরপি’র লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সার্বিক উন্নয়নে ‘হাতি’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।


সভায় বক্তারা বলেন, “দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বীর মোহাম্মদ আলীর মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতৃত্বের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে হাতি প্রতীকে ভোট দিয়েই এই এলাকার ভবিষ্যৎ নিরাপদ করতে হবে।”
অনুষ্ঠানটি সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন মোঃ সুমন মল্লিক। উঠান বৈঠকে কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ভোটারদের মধ্যে হাতি প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সভা শেষে প্রার্থী বীর মোহাম্মদ আলী এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে কুতুবপুরসহ পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও জনস্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >