নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক তারিখের পর মুখোশ খুলে যাবে
সন্ত্রাসীদের নাম প্রকাশের হুঁশিয়ারি শাহ আলমের

নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম দিয়েছেন বিস্ফোরক ঘোষণা। আগামী এক তারিখের পর এলাকায় সক্রিয় সন্ত্রাসীদের নাম প্রকাশ্যে আনবেন— এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, প্রশাসনকে ইতোমধ্যে বিস্তারিত জানানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণাকালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে শাহ আলম এসব কথা বলেন।

শাহ আলম বলেন,“সন্ত্রাসীদের নাম আমি প্রশাসনকে জানিয়েছি। ফতুল্লায় কারা সন্ত্রাসী— তা সবাই জানে। প্রশাসন আমার কাছে সময় চেয়েছে। তারা জানিয়েছে, অভিযোগগুলো দুই থেকে তিন দিনের মধ্যে প্রতিকার করার চেষ্টা করছে। যদি প্রতিকার না হয়, তাহলে এক তারিখের পর সব প্রকাশ করে দেবো।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তার পক্ষে কাজ করা কর্মী-সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

শাহ আলমের জানান, “আমি যে অভিযোগগুলো প্রশাসনের কাছে দিয়েছি, সেগুলো শতভাগ সত্য। সন্ত্রাসী তো সন্ত্রাসীই। সে কারণেই বিষয়গুলো প্রশাসনকে জানিয়েছি এবং তারা ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।”

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি সেন্টু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি সতর্ক অবস্থান নেন। এ সময়ে শাহ আলম বলেন, “এ বিষয়ে আপনারা প্রশাসনের কাছেই জানতে পারবেন। যেহেতু প্রশাসন সময় চেয়েছে, তাই এখন মিডিয়ার সামনে কিছু বলতে চাই না। ইনশাআল্লাহ, এক তারিখের পর যা বলার বলবো।”

শাহ আলমের এই বক্তব্যকে ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার বিষয়— প্রশাসনের প্রতিশ্রুত প্রতিকার কার্যকর হয়, নাকি এক তারিখের পর প্রকাশ্যে আসে ‘অঘোষিত তালিকা’।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >