নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাক্ষর জালিয়াতির আশংকা
প্রার্থীতা বাতিল ঠেকাতে গিয়াসউদ্দিন মরিয়া

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন তার স্বাক্ষর জাল করে প্রার্থিতা প্রত্যাহারের অপচেষ্টার আশঙ্কা প্রকাশ করেছেন।এই ষড়যন্ত্র ঠেকাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত চিঠি দিয়েছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির।

চিঠিতে গিয়াস উদ্দিন সরাসরি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী ও অসাধু চক্র পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের অপচেষ্টায় নেমেছে। ওই চক্রটি তার স্বাক্ষর নকল করে মনোনয়নপত্র প্রত্যাহারের ভুয়া আবেদন জমা দিতে পারে—এমন তথ্য তিনি নির্ভরযোগ্য সূত্রে পেয়েছেন বলে দাবি করেন।

তিনি চিঠিতে সতর্ক করে বলেন, এ ধরনের জালিয়াতি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটি সরাসরি সংবিধান লঙ্ঘন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র।

গিয়াস উদ্দিন দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন, তিনি কোনো পরিস্থিতিতেই তার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না এবং তার নাম ও স্বাক্ষর ব্যবহার করে দাখিল করা যেকোনো আবেদনকে গ্রহণ না করার জন্য রিটার্নিং কর্মকর্তার প্রতি জোরালো দাবি জানান।

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচন সামনে রেখে এ ধরনের প্রতারণামূলক তৎপরতা প্রমাণ করে—কীভাবে কুচক্রী মহল ভোটের মাঠকে কলুষিত করতে সক্রিয় হয়ে উঠেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, আমরা মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের লিখিত চিঠি পেয়েছি। তার নামে প্রার্থিতা প্রত্যাহারের কোনো আবেদন এখনো পাওয়া যায়নি। তবে কেউ যদি তার স্বাক্ষর জাল করার চেষ্টা করে, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখবো।

স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অভিযোগ সামনে আসায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অভিযোগ প্রমাণিত হলে এটি শুধু একটি আসনের নির্বাচন নয়—বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >