নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন যাচাইয়ে আইনি জয়: বিজয়ের হাসিতে উজ্জ্বল মোহাম্মদ আলী

মনোনয়ন যাচাই-বাছাইয়ে আইনি বাধা টপকে বিজয়ের হাসি হাসলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট ও আদালতের স্পষ্ট নির্দেশনার আলোকে তার বিরুদ্ধে খেলাপি ঘোষণার কোনো আইনগত সুযোগ না থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন গ্রহণ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়—আদালতের স্থগিতাদেশ বহাল রয়েছে এবং সংশ্লিষ্ট আবেদন এখনো নিষ্পত্তি হয়নি। ফলে তিতাস গ্যাসসহ মোট ১০ জন রেসপন্ডেন্টের কেউই পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মদ আলীর বিরুদ্ধে খেলাপি ঘোষণা করতে পারবেন না—এ কথা আর্জিতে স্পষ্টভাবে উল্লেখ আছে।
এ বিষয়ে আদালতের নির্দেশনা ও শোকজের ভিত্তিতে, তিতাস গ্যাসের পক্ষ থেকে আপত্তি থাকলেও বাংলাদেশ ব্যাংকের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে খেলাপি বলা যাবে না—এই আইনি অবস্থানেই মনোনয়ন গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডিসি রায়হান কবির।

মনোনয়ন যাচাই শেষে প্রশাসনের এ সিদ্ধান্তকে আইনসম্মত ও নজিরবিহীনভাবে স্পষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে নির্বাচনী মাঠে মোহাম্মদ আলীর অবস্থান আরও শক্ত হলো বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

মনোনয়ন গৃহীত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলী বলেন, “আইনের শাসনের প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। সত্য ও ন্যায়ের পক্ষেই শেষ পর্যন্ত রায় এসেছে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমি দৃঢ় প্রতিজ্ঞ।”

মনোনয়ন গ্রহণের এই সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আইন ও প্রশাসনের সমন্বিত সিদ্ধান্তে নির্বাচনী লড়াই নতুন মাত্রা পেল—এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >