দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহ আলমকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন গিয়াসউদ্দিন ও শাহ আলম। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তারা উভয়েই দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। এ ঘটনাকে দলীয় শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থান নেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই বহিষ্কার সিদ্ধান্ত বিএনপির ভেতরে শৃঙ্খলা জোরদার ও দলীয় অবস্থান স্পষ্ট করার বার্তা বহন করছে। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিতও দিচ্ছে দলটি।
এদিকে বহিষ্কারের খবরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।





