নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ফের বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে আবারও যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। ঢাকামুখী ‘সুন্দরবন-১৬’ নামে একটি লঞ্চ বাল্কহেডটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়।

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনায় অন্তত দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আকিবুল ইসলাম জানিয়েছেন।

নিখোঁজরা হলেন- বাল্কহেডের দুই লস্কর পটুয়াখালীর বাসিন্দা জহুরুল ইসলাম (২৫) ও ঝালকাঠির রাজাপুরের মো. হাসান (২০)।

ঘটনার পর উদ্ধারকাজে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডাব্লিউটিএʼর সদস্যরা কাজ করছেন বলে জানান বিআইডাব্লিউটিএʼর সহকারী পরিচালক কামরুল হাসান।

পুলিশ পরিদর্শক আকিবুল বলেন, “বাল্কহেড ‘এমভি কাশফা স্নেহা’ নদীতে থামানো অবস্থায় ছিল। এ সময় ঢাকামুখী ‘সুন্দরবন-১৬’ নামে একটি লঞ্চ বাল্কহেডটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়।

“এ সময় বাল্কহেডের তিনজন শ্রমিক-কর্মচারী সাঁতরে তীরে উঠতে পারলেও আরও দুʼজন নিখোঁজ হন।”

সকালে ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

গত ১৪ ডিসেম্বর সকালে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বোগদাদীয়া-১৩ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে যায়।

তবে বাল্কহেডের ৫ শ্রমিক সাঁতরে তীরে ওঠেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >