ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স এস এম ট্রেডার্সের সামনের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই ঝোপে শিশুর লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুটি ছেলে এবং তার বয়স আনুমানিক দুই দিন। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ শামীম রেজা শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটির ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল বারিক জানান, অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি শিশুটিকে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





