নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও এফ.বি.সি.সি.আই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ক্ষুদে হাফেজদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় ফতুল্লার পঞ্চবটিতে এবি ভেজিটেবল ওয়েল-এর প্রধান কার্যালয়ে বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে দুইটি মাদরাসার ক্ষুদে হাফেজদের হাতে পবিত্র কোরআন তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী শাসনামলে অনেক লড়াই সংগ্রাম করেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি মিথ্যা মামলায় বহুবার কারাবরণ করেছেন। বর্তমানে বেগম খালেদা জিয়া বিভিন্ন বার্ধক্য জনিত কারনে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা ও রোগ মুক্তির জন্য নারায়ণগঞ্জসহ দেশবাসির কাছে দোয়া কামনা করছি। তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

উক্ত অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়নের মারকাযুল কোরআন মাদরাসা এবং আজমপুত শীষমহল মাদরাসার ক্ষুদে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে বিভিন্ন নেতাকর্মীর সাথে কোমলমতি শিশু ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।






