নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় অপহরণের চেষ্টায় কথিত সাংবাদিক শামীমাসহ আটক ৩ ,প্রশাসনসহ সাংবাদিকদের হুমকি !

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণ-তরুণীকে সিএনজিতে তুলে ছিনতাই ও মুক্তিপণ দাবির অভিযোগে কথিত সাংবাদিক শামীমা আক্তারসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (৬ ডিসেম্বর) রাতে ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের তুলে নেওয়া হয়। এরপর দাপা বালুর মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি আরও টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানায় তারা।

ঘটনার সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাদের ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে এলাকাবাসী।

একাধিক সূত্রে জানা যায়, শামীমা একসময় স্থানীয় দৈনিক ইয়াদ পত্রিকায় কাজ করতেন। অভিযোগ রয়েছে, বিতর্কিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার পর তাকে প্রতিষ্ঠানটি থেকে চাকরিচ্যুত করা হয়।

তথ্যমতে, এক মাস আগে পঞ্চবটি রুসেন হাউজিংয়ের একটি ফ্ল্যাটে গিয়ে ‘পতিতাবৃত্তির’ অভিযোগ তুলে চাঁদা দাবি করেন শামীমা ও তার সহযোগীরা। স্থানীয়রা সেদিনও তাদের আটক করে গণপিটুনি দেয় এবং সেই ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ আছে, একইভাবে পাগলা চিতাশাল, তল্লা কোর্টের পেছন এবং পোস্ট অফিস রোডের দারোগার বিল্ডিং এলাকায় গিয়ে বিভিন্ন সময়ে তারা চাঁদা দাবি করে। এসব ঘটনায় স্থানীয়দের বাধার মুখে তাদের পালিয়ে যেতে হয়।

থানায় নেওয়ার পর শামীমা উত্তেজিত হয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) আনোয়ার হোসেনকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে উপস্থিত এসআই সনজীব জোয়ার্দারকে “রগ কেটে দেওয়ার” হুমকি দেন। এসময় উপস্থিত সাংবাদিকদের দিকেও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন তিনি। ঘটনার পর পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা হতবিহ্বল হয়ে পড়েন।

ফতুল্লা মডেল থানা কর্তৃপক্ষ জানায়, ঘটনার সবদিক যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা জেনেছি, এই নারীসহ তার সংঘবদ্ধ চক্র আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। শামীমার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।”

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে পেশার সততা ও মর্যাদাকে কলঙ্কিত করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >