নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় পরিবেশ দূষণকারী ‘বুনন ডাইং’ এর গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় পরিবেশকে মারাত্মকভাবে দূষণের অভিযোগে ‘বুনন ডাইং’ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা অভিযানে কারখানার বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে সম্পূর্ণ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও সায়মা রাইয়ানের যৌথ নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এই তথ্য নিশ্চিত করেন।

ইটিপি ছাড়াই বছরের পর বছর উৎপাদন করে আসছিলো প্রতিষ্ঠানটি। উপপরিচালক রাসেদ জানান, বুনন ডাইং (যার পূর্বের নাম ছিলো বিসমিল্লাহ টুইস্টিং/বলাকা ডাইং ও আশহী ডাইং) তরল বর্জ্য উৎপাদন করলেও কোনো পরিবেশগত ছাড়পত্র নেয়নি। কারখানাটি ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন ছাড়াই উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল, যা সরাসরি পরিবেশ আইন লঙ্ঘন।

গত ৩০ নভেম্বর একই অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে দূষণ নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এবার গ্যাস সংযোগও কেটে দেওয়া হলো।

উপপরিচালক রাসেদ আরো জানান, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন না করা পর্যন্ত কারখানাটি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নারায়ণগঞ্জের বর্জ্যদূষণ রোধে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান আরও জোরদার ও অব্যাহত থাকবে।

বুনন ডাইং এর দূষণে অতিষ্ঠ ফতুল্লার সর্বস্তরের মানুষ। এমন দূষণে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে ড্রেনে ও আশপাশের এলাকায় তরল বর্জ্য ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণে ভোগান্তি চরমে পৌঁছেছিল। পরিবেশ অধিদপ্তরের এই কঠোর উদ্যোগে আমাদের মধ্যে স্বস্তি ফিরেছে ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >