নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ এর অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা, এক কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫৩ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম সাহন (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, ৩ ডিসেম্বর পিলকুনী পাঁচতলা এলাকার একটি ভাড়াবাড়ির নিচতলা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায়; তিনি ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকছিলেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একটি মাদক চোরাচালান চক্রের সদস্য হিসেবে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করতেন।
র্যাব-১১ জানিয়েছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলবে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





