নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের
ফতুল্লায় দাপুটে মিশুক-রিকশা চোর সিন্ডিকেট এর ২ সদস্য গ্রেপ্তার

ঢাকার মতিঝিল এলাকা থেকে ছিনতাই হওয়া একটি মিশুক রিকশার সূত্র ধরে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে থেকে রিকশাটি ছিনতাই হয়। পরে গাড়ির মালিক হৃদয় মতিঝিল থানায় অভিযোগ দিলে পুলিশ প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে নড়াইলে তদন্ত শুরু করে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের একটি দল ফতুল্লা থানা পুলিশের সহায়তায় রিকশাটি উদ্ধার করে এবং ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকা থেকে চক্রের দুই সদস্য সেলিম (৩৫) ও শাওন (৩০) কে আটক করে। ঘটনার পর হৃদয়ের দায়ের করা অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে (মামলা নং ১১, তারিখ ১০/১১/২০২৫)।

মতিঝিল থানার উপপরিদর্শক তপু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সেলিম ও শাওন স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কাশিপুর, এনায়েতনগর, ফতুল্লা, দেওভোগ, কুতুবপুরসহ বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে অটো ও মিশুক রিকশা চুরি করে পিকআপে করে বিভিন্ন গ্যারেজে বিক্রি করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে সেলিম আরও জানায়, এই চক্রের মূলহোতা ব্যক্তি শরীফ, যিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকায় অবস্থান করেন বলে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শরীফ ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং অতীতে কয়েক দফা অটো রিকশা চালকদের ওপর হামলার ঘটনাতেও তার নাম উঠে এসেছে। এসব বিষয়ে ফতুল্লা থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, শরীফের আধিপত্য ও অপরাধমূলক কর্মকাণ্ডে তারা দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী এবং চক্রটির বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >