নারায়ণগঞ্জ । সোমবার
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজমেরী ফুড লিমিটেড
ফতুল্লায় ক্ষতিকর কেমিক্যালে খাদ্য উৎপাদনে মালিককে জেল-জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে আজমেরী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড–এর মালিককে এক লাখ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শনিবার (২৬ অক্টোবর) সস্তাপুর এলাকার শিবু মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সরকারের নির্দেশনা অমান্য করে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করে আসছিল। এসব খাদ্যপণ্যে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানের মালিক ওয়াহিদ (৪৩), পিতা মৃত সিটু বেপারী, মাতা অজুপা বেগম, সাং—সস্তাপুর, থানা—ফতুল্লা, জেলা—নারায়ণগঞ্জকে দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অর্থ অনাদায়ে তাকে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আল মাসুদ খান বলেন,“জনস্বাস্থ্য রক্ষায় র‍্যাব নিয়মিতভাবে এমন অভিযানে অংশ নিচ্ছে। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে খাদ্য উৎপাদন বা বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

র‍্যাব সূত্রে জানা যায়, চলতি বছর আগস্ট মাস থেকে র‍্যাব-১১ বিভিন্ন অভিযানে ২৩৯ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৮৬ জন হত্যা মামলার আসামি এবং ৪৪৮ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >