ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেছেন, দীর্ঘ সময় স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছি। আন্দোলন করতে গিয়ে জেল খেটেছি, চোখে গুলিবিদ্ধ হয়েছি; তারপরও রাজপথের আন্দোলন থেকে পিছু হটিনি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ তথা নারায়ণগঞ্জকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে আমরা রাজপথে ছিলাম।
তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের আলীগঞ্জে পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের আয়োজকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি বিস্তারিত জানি না। তবে তারা যদি আওয়ামী লীগের দোসর বা স্বৈরাচারের সহযোগী হয়ে থাকে, তাহলে ওই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিনের উপস্থিত হওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি।
শহীদুল ইসলাম টিটু বলেন, এমপি আব্দুল্লাহ আল আলামিন সবসময় স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কথা বলেন। সে ক্ষেত্রে তিনি কী জেনে-বুঝে ওই অনুষ্ঠানে গিয়েছেন, নাকি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না—তা আমার জানা নেই। তবে একজন জনপ্রতিনিধি হিসেবে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে তার আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে খোঁজ নেওয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন রাজপথে থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি। অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-মোকদ্দমা ও হামলার মুখোমুখি হয়েছেন। তাই স্বৈরাচারের দোসরদের পুনরায় সংগঠিত হওয়ার যেকোনো প্রচেষ্টা আমাদের জন্য উদ্বেগের বিষয়।
বিএনপির এই নেতা বলেন, আমরা চাই না গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি কোনো কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে উঠুক। যারা স্বৈরাচারের সহযোগী হিসেবে পরিচিত, তারা যদি নতুন কোনো প্ল্যাটফর্ম বা সামাজিক সংগঠনের আড়ালে নিজেদের পুনর্বাসনের চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।
তিনি বলেন, ‘আমরা জীবন দিয়ে হলেও বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত রাখব। কোনোভাবেই স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন হতে দেব না।’
শহীদুল ইসলাম টিটু আরও বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সতর্কতা, ঐক্য ও জনগণের প্রত্যাশার প্রতি সম্মান। কোনো অনুষ্ঠানে কারা উপস্থিত থাকছেন, কারা আয়োজন করছেন এবং তাদের অতীত রাজনৈতিক ভূমিকা কী—এসব বিষয় রাজনৈতিক নেতাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের আগে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে যথাযথভাবে অবগত হয়ে সিদ্ধান্ত নেবেন।




