বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের খেলা ঘিরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় দুই দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাহাত ও হাবিবের নাম জানা গেছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে হাজীগঞ্জ ঈদগাহ সড়কে প্রজেক্টরে খেলা দেখার পর মরহুম এমপাপুর ভাগিনা জিসান এবং কাজী শাওনের ছেলে আজানের মধ্যে খেলা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রথম দফার সংঘর্ষটি হাজীগঞ্জ ঈদগাহের সামনে ঘটলেও কিছুক্ষণ পর হাজীগঞ্জ বাজারে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গেলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় জিসানের পক্ষের অপূর্ব এবং আজানের পক্ষের হাবিব ও হৃদয়সহ কয়েকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে যায় বলে স্থানীয়রা জানান।
এ ঘটনার জের ধরে একই দিন রাত প্রায় ৮টার দিকে হাবিব ও হৃদয়ের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল অপূর্বের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটে। হামলার সময় বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয় নেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”





