নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় মোবাইল কোর্টের অভিযান: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর-কাশীপুর জোনাল বিপণন অফিস (জোবিঅ)-এর আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে মডার্ন হাউজিং ও মাসদাইর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে পূর্বে বিচ্ছিন্ন করা মেসার্স পেন্ডামিক ফ্যাশন লিমিটেডের গ্রাহক আঙিনা পুনরায় পরিদর্শন করা হয়। পরিদর্শনে কোনো অবৈধ গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়নি।

পরে মডার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২০টি এবং অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে আরও ২টিসহ মোট ২২টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক ডাবল বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধ ২০টি তিন-চতুর্থাংশ (৩/৪) ইঞ্চি সার্ভিস লাইন কিলিং করা হয়। এছাড়া এলাকাবাসীর নিজ উদ্যোগে স্থাপন করা প্রায় ৪০ ফুট অবৈধ গ্যাস বিতরণ লাইন অপসারণ করা হলে আরও ৭টি বাড়ির প্রায় ৫০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এদিকে মাসদাইর এলাকায় মনিরা নিট অ্যাপারেলস লিমিটেড সংলগ্ন মেসার্স মজলিশ কমিউনিটি সেন্টারের গ্রাহক আঙিনা পরিদর্শন করা হয়। এ সময় বকেয়া বিলের কারণে সেখানে থাকা আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে মোট প্রায় ২৫০টি আবাসিক ডাবল বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫ হাজার ২৫০ ঘনফুট।

এ সময় জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩/৪ ইঞ্চি ব্যাসের ৮০ ফুট এমএস পাইপ, ২১টি রেগুলেটর এবং ২০টি লক উইং কক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >