নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। এ ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে এক নারীসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও শিশুকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মো. তোতা মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩১) এবং চাঁদপুর সদর থানার পুরান বাজার এলাকার শাহজাহানের মেয়ে মাজেদা (২৯)। তারা উভয়েই বর্তমানে ফতুল্লার লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুজন ও মাজেদা ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই বাদীর বাসায় যাতায়াত করতেন এবং দুই বছরের শিশুটিকে আদর করতেন। গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে ‘আদর করার কথা’ বলে তারা শিশুটিকে নিজেদের কাছে নিয়ে যান এবং সুকৌশলে অপহরণ করে চম্পট দেন।
পরবর্তীতে অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি র্যাব-১১-কে জানায়। অভিযোগ পেয়ে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় চাষাঢ়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সাথে তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
র্যাব-১১ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








