নারায়ণগঞ্জ । শনিবার
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় কারখানা মালিক হারুন খালাসী খুন, কর্মচারী মীম আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের আগের রাতে এক হোসিয়ারি কারখানার মালিককে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সায়েম আল আরাফাতের বাড়ির নিচতলায় অবস্থিত ‘হিমা হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টস’-এ এ ঘটনা ঘটে।

নিহত হারুন খালাসী (৪২) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকার মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার নগরজোর গ্রামে।

নিহতের ছোট ভাই সেলিম খালাসী অভিযোগ করে বলেন, তার ভাইকে তার দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারখানার সাবেক এক নারী কর্মচারী মীম ও তার সহযোগীরা জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ।

তিনি আরও দাবি করেন, হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধামাচাপা দিতে প্রথমে মরদেহ একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়, পরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায়। সে অনুযায়ী প্রায় ২০ জন শ্রমিক সারাদিন কাজ শেষে কারখানায় অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের কিছু পর হারুন খালাসী এসে শ্রমিকদের অপেক্ষা করতে বলে মীমসহ কয়েকজনকে নিয়ে অফিস কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় পর তাকে অচেতন অবস্থায় বের করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তবে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মীম নামে এক নারী কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >