বন্দর প্রতিনিধি: বন্দরে ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের লক্ষে মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। একই সাথে ইউএনডিপির ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ডাটা এন্ট্রি ও যাচাই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং দাপ্তরিক কাজের খোঁজখবর নেন।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের নাগরিক সেবা সহজতর করতে এবং ডাটা এন্ট্রি প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি অফিস প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রায়হান কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার, শিবানী সরকার,সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি,মদনগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আজিম উদ্দিন,অফিস সহায়ক রাশেদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইউএনডিপির কারিগরি সহায়তায় শুরু হওয়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত এই ডাটা এন্ট্রি কার্যক্রমের ফলে স্থানীয় সাধারণ মানুষ এখন থেকে আরও দ্রুত ও ভোগান্তিহীনভাবে ভূমির কর প্রদান ও তথ্য যাচাই করতে পারবেন। নতুন ভবন এবং আধুনিক ডাটা সিস্টেমের সমন্বয় মদনগঞ্জ ইউনিয়নের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা করল বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





