দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে বন্দরে পানি সরবরাহ ব্যবস্থায় বড় উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। প্রথম ধাপে ৯টি পানির পাম্প স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে আরসিম গেইট এলাকায় একটি পাম্প হাউজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডে এই কাজের উদ্বোধন করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, পানি সংকট নিরসনে পর্যায়ক্রমে মোট ৯টি পাম্প স্থাপন করা হবে। এর মধ্যে ২৩ নম্বর ওয়ার্ডে কাজ শুরু হয়েছে এবং এক মাসের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, পুরো নগরজুড়ে পানি সরবরাহ নিশ্চিত করতে নাসিকের ২৭টি ওয়ার্ডে দুইটি করে মোট ৫৪টি পাম্প বসানোর পরিকল্পনা রয়েছে। এতে করে কোনো কারণে কেন্দ্রীয় প্লান্ট বন্ধ থাকলেও বিকল্পভাবে পানি সরবরাহ চালু রাখা সম্ভব হবে।
বিশেষভাবে ২৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া, মাঠপাড়া ও রসুলবাড়ি এলাকায় তিনটি পাম্প বসানো হবে বলেও জানান তিনি।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় উন্নয়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে স্বল্প সময়েই দৃশ্যমান পরিবর্তন আসে। তিনি নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরে বলেন, একসময় ‘প্রাচ্যের ডান্ডি’ হিসেবে পরিচিত এই শহর শিল্পে সমৃদ্ধ হলেও উন্নয়নের ক্ষেত্রে সেই তুলনায় পিছিয়ে পড়েছে।
অনুষ্ঠানে নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা ও গোলাম নবী মুরাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




