বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা এক রোগীর গলা থেকে কৌশলে চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় আসমা বেগম (২৮) নামে এক নারী চোরকে আটক করেছে হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আটককৃত নারীর আসমা বেগম সুদূর কুমিল্লার জেলার দাউদকান্দি থানার মেঘনার চর এলাকার মনির মিয়ার স্ত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হাসপাতালের তথ্য সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টাকালে আসমা বেগম নামে এক নারী চোরকে আটক করে উল্লেখিত হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা। পরে আটক নারীকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: রাজিউর রহমান গনমাধ্যমকে জানান, হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। হাসপাতালে আনসার সদস্য মোতায়েনের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার হয়েছে।
তিনি আরও বলেন, গত দুই সপ্তাহ পূর্বে মাদকসহ আনসার সদস্যরা এক মাদক সেবীকে আটক করে। আজও রোগীর চেইন ছিনতাই করে পালানোর সময় একজনকে আটক করা হয়েছে। হাসপাতালে আনসার সদস্য মোতায়েন করায় রোগী ও স্বজনদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা অনেক উপকার পাচ্ছি।”
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনসার সদস্যদের নিয়মিত দায়িত্ব পালনের কারণে হাসপাতাল এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।






