বন্দর প্রতিনিধি: বন্দরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার(১০ আগস্ট) দুপুরে বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ান বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে ওই এলাকার লিটন দেওয়ানের বাড়িতে হঠাৎ আগুন লাগে । মুহূর্তের মধ্যেই তা পুরো টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি রুমসহ ভেতরে থাকা সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়ির মাঝখানের রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে লিটন দেওয়ান, বাদল দেওয়ান ও চম্পা বেগমের বসত ঘর সম্পর্ন পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। সে সাথে অগ্নিকাণ্ডের স্থান থেকে ৩৫ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই।







