বন্দর প্রতিনিধি: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক এম জামালউদ্দিন মিঞা বলেছেন, মাদ্রাসা শিক্ষা সাধারণ শিক্ষার চেয়ে অনেক উত্তম।
তিনি বলেন, বর্তমান সময়ে মাদ্রাসায় শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ রাখা হয় না, পাশাপাশি কর্মমুখী ও কম্পিউটার শিক্ষা প্রদান করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের হাতে-কলমে সেলাই শিক্ষাও দেওয়া হচ্ছে। বর্তমানে মাদ্রাসা শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে।
বুধবার (২৮ জুলাই) সকালে বন্দর উপজেলার গকুলদাসেরবাগস্থ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ‘সান্ড্রা ম্যাককার্সী হল’ মিলনায়তনে অনুষ্ঠিত মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সাদাকাত হোসাইন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামালউদ্দিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , সৈয়দ সাদাকাত হোসাইন, মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ছানাউল্লাহ, মাওলানা মহিউদ্দিন, মোহাম্মদ আবদুল মান্নান, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।





