নারায়ণগঞ্জ । রবিবার
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে ডাকাত হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >