নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত হকারমুক্ত করতে কে কোথায় অবস্থান করবেন

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নামছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে শুরু হবে এ কার্যক্রম।

অন্যদিকে, সরকারদলীয় নেতারাও এ উচ্ছেদ অভিযানে অংশ নেবেন বলে জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়ার জিয়া হলের সামনে থেকে হকার উচ্ছেদে অভিযান শুরু হবে। একইসঙ্গে নবাব সলিমউল্লাহ সড়ক ও শায়েস্তা খাঁ সড়কও হকারমুক্ত করা হবে।

চাষাঢ়ায় উচ্ছেদ অভিযানে পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে থাকবেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান। এতে সহযোগিতা করবে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ব়্যাব, আনসার ও স্কাউটের সদস্যরা।

এদিকে, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের একটি দল নবাব সলিমউল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় উচ্ছেদ অভিযানে থাকবেন।

অন্যদিকে শহরের কালিরবাজার এলাকা থেকে হকারদের উচ্ছেদ কার্যক্রমে থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

এ মাসের শুরুর দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে ফুটপাত হকারমুক্ত করার সিদ্ধান্ত হয়। পরে নারায়ণগঞ্জ সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান গত শুক্রবার বিকেলে নগরভবনে রাজনৈতিক, সামাজিক, নাগরিক নেতাদের নিয়ে বসেন। ওই বৈঠকেও রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা হকারমুক্ত ফুটপাত করার উদ্যোগকে স্বাগত জানান।

পরে, ১৩ এপ্রিল হকার উচ্ছেদে অভিযান শুরু করার ঘোষণা দেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

তবে, সোমবার সকাল থেকেই নগরীর বঙ্গবন্ধু সড়কের ফুটপাত ফাঁকা পাওয়া যায়। দুই নম্বর গেট, উকিলপাড়া ও কালিরবাজারে সকালে কয়েকজন সবজি ও ফুল বিক্রেতাকে ফুটপাতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে তারাও উঠে যান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >