দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা ছাত্রদলের নতুন কমিটি চূড়ান্ত করা হয়েছে।
সংগঠনটির একাধিক কেন্দ্রীয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় যেকোন সময় আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হতে পারে।
জানা গেছে, প্রাথমিকভাবে জেলা ও মহানগর ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দেওয়া হতে পারে আপাতত। এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম দ্রুত সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে সময় নিয়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্র বলছে, নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী, পরীক্ষিত এবং সক্রিয় নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, তাদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানা যায়।
এদিকে শুধু জেলা ও মহানগরেই সীমাবদ্ধ থাকছে না এই প্রক্রিয়া। সংশ্লিষ্টরা জানিয়েছেন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটি দেয়ার পর দ্রুত সময়ের মধ্যেই থানা, পৌরসভা, কলেজ ও ওয়ার্ড পর্যায়ের ইউনিট কমিটিগুলোও গঠন করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ সাংগঠনিক কার্যক্রম শুরু হলে মাঠপর্যায়ে দলীয় অবস্থান আরও শক্তিশালী হবে।
তবে সম্ভাব্য পদপ্রত্যাশীদের মধ্যে নীরব প্রতিযোগিতাও চলছে। শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন সেটিই এখন দেখার বিষয়। ছাত্রদল নেতাকর্মীরা বলছেন সব দিক বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ কমিটি দেওয়া উচিত। তাহলে এটা সংগঠনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।






