নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন কালিবাজার এলাকার ব্যাপ্টিষ্ট চার্চে ইস্টার সানডে উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। তিনি নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি মডেল মন্দির নির্মাণের পাশাপাশি খ্রিস্টানদের জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসককে একটি করে পবিত্র বাইবেল উপহার দেন। যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে এসে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী। প্রার্থনা, ধর্মীয় আচার এবং বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টীয়ান অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব চার্লস সৌমিত্র দেউড়ী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাশসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।







