নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেছেন। এদের মধ্যে বিএনপির চারজন সংসদ সদস্য হিসেবে ও এনসিপির একজন সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই শপথ অনুষ্ঠানে নির্বাচিত এমপিরা তাদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটি আসনে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বিজয়ী হয়েছে।
নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাকে পরাজিত করে বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জয়লাভ করেছেন। দিপু ভূঁইয়া ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে জয় লাভ করেন। জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ ইলিয়াছ মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএমএফ প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে জয়লাভ করেন। জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর সংসদে তাদের সাংগঠনিক দায়িত্ব পালনে যোগদান করবেন এবং দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার জন্য কাজ করবেন।






