নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই দামে সবজি, অস্থির মুরগির বাজার

নারায়ণগঞ্জে সরবরাহ ভালো থাকলেও বাজারগুলোতে আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তবে সপ্তাহ ব্যবধানে মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সোনালি কক মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিগুবাবুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব বাজারে শীতকালীন সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। শিম প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে টমেটো ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা, সালগম ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি ১৪০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ১৪০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা এবং ধুন্দল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একই বাজারে কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং খিরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। বাজারগুলোতে লেবুর হালি ১০ থেকে ৩০ টাকা, দেশি ধনেপাতা ১০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা হালি ৪০ টাকা, চালকুমড়া ৫০ টাকা পিস এবং ক্যাপসিকাম ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ৩০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, ডাটা শাক দুই আঁটি ৩০ টাকা এবং পালং শাক দুই আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে নতুন আলু কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকা, পুরোনো আলু ২০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ কেজিতে ১৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা, নতুন পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং পেঁয়াজকলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে সোনালি কক মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ৩০০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩১০ টাকা এবং সাদা লেয়ার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগি কেজিতে ১৮০ টাকা এবং দেশি মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছ প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ (আকারভেদে) ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি শিং ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, রুই মাছ (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১ হাজার টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা, মলা মাছ ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা এবং পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৫০ থেকে ৭৬০ টাকা, গরুর কলিজা ৭৬০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে দেশি আদা ১৪০ থেকে ১৬০ টাকা, চায়না আদা ২২০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা, ভারতীয় রসুন ১৭০ থেকে ১৮০ টাকা এবং দেশি মসুর ডাল ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১১০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >