নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য পুনর্গঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তার সঙ্গে ছিলেন এডহক কমিটির সদস্য ও জাতীয় ক্রীড়াবিদ মো. সোহেল।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, প্রতিযোগিতার সুযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সরকার দেশের বিভিন্ন এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের ওপর গুরুত্ব দিচ্ছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
জেলা প্রশাসক সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আপনারা বেশি বেশি খেলাধুলার আয়োজন করুন। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে কিশোর ও তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।’
এ সময় তিনি খেলাধুলার পাশাপাশি মাঠ ও ক্রীড়া অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজন এবং উদীয়মান খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত পুনর্গঠিত এডহক কমিটিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, রিয়াদ মোহাম্মদ চৌধুরী সদস্য সচিব এবং জাতীয় ক্রীড়াবিদ মো. সোহেল সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যতম দায়িত্ব হলো সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে পরবর্তী নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া।





