নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”, এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস (২০২৫) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালীটি শুরু হয়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নারায়ণগঞ্জের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। এছাড়া র‍্যালীতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী, প্রবাসী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

আয়োজক সূত্র জানায়, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করাই এ দিবস উদযাপনের প্রধান লক্ষ্য। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা এবং অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিও এই কর্মসূচির উদ্দেশ্য।
উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও প্রবাসী কল্যাণ বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >