নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুল এলাকার সরু গলিতে দিনদুপুরে ঘটে গেলো ভয়াবহ গুলিবর্ষণ ও হামলার ঘটনা। মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের প্রতিবিম্ব এই ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সংঘটিত এ হামলায় গুরুতর আহত হয়েছেন ১৩ নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মুদি ব্যবসায়ী মো. নাহিদুর রহমান পারভেজ। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত পারভেজ জানান, মাসদাইর বাজার থেকে ফেরার পথে বেগম রোকেয়া স্কুলের সামনে দাঁড়িয়ে তিনি একজনকে দেখছিলেন। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ‘বুইট্টা মাসুদ’ তাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে “তাকিয়ে রয়েছস কেন?” প্রশ্ন করতেই মাসুদ পিস্তল বের করে সরাসরি গুলি চালায়।

এদিকে হামলার মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পেছন থেকে দৌড়ে এসে রিপন তার হাতে থাকা সুইস গিয়ার দিয়ে পারভেজকে আঘাত করে। একই সঙ্গে জাহিদ নামে আরেক ব্যক্তি লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। পারভেজকে রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচাতে হয়।
পারভেজ অভিযোগ করে বলেন “আমি শুনেছি এই গলিতে বুইট্টা মাসুদরা নিয়মিত মাদক ব্যবসা করে। তারা ভেবেছে আমি তাদের দেখছি। অথচ আমি অন্যজনকে দেখছিলাম। আমাকে মারার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আমি এর বিচার চাই।”
পারভেজ এর মা মোকারিমা কান্না জড়িত গলায় বলেন ‘আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছে ।ওরা আমার ছেলেকে হত্যা করতেই গুলি চালিয়েছে। এমন নৃশংস হামলার বিচার না হলে আরও বড় ঘটনা ঘটবে।আমি সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার পর থেকে মাসদাইর এলাকায় চরম ভয়ভীতি ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্যমতে মাদক ব্যবসায়ীদের বেপরোয়া দৌরাত্ম্য দিনদিন বেড়েই চলছে, আর প্রশাসনের তৎপরতা না থাকায় এসব সন্ত্রাসীরা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে।
স্থানীয়রা হামলাকারী বুইট্টা মাসুদ, রিপন ও জাহিদদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও মাদক চক্র নির্মূলে বিশেষ অভিযান পরিচালনার দাবি উঠেছে।







