নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় নভেম্বর-২০২৬ এর মাঠপর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমে নারী ও পুরুষসহ মোট ৩২২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২২২ জন প্রার্থী প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হন।

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) এবং নিয়োগ বোর্ডের সদস্য গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব শাহ শিবলী সাদিক, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম খান ও ডা. জাহানারা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়ার পাশাপাশি পরবর্তী সব পরীক্ষায় যারা ভালো ফলাফল করবেন, কেবল তারাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, যারা নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের কোনো ধরনের প্রতারণা বা দালাল চক্রের প্রলোভনে পা দেওয়া উচিত নয়। এ বিষয়ে প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করবেন। এ পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।

নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >