নারায়ণগঞ্জ ।
,

৪-৫ বছরের মধ্যে সড়ক ও সেতুর মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ভোলা দীর্ঘদিন ধরে দেশের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ভোলার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করতে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে এ রুটে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি চলাচল করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ উদ্বোধনকালে এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন ফেরি সার্ভিস পরিচালনার পর এ রুটে যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক আগ্রহ ও সাড়া পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে, ঢাকা থেকে ভোলা যাতায়াতে এই নৌপথটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নত করা, যাত্রী ওঠানামায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।

নৌপরিবহন মন্ত্রী বলেন, রাজধানীর নৌযোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করতে ঢাকার চক্রাকার নৌ-রুট ও ওয়াটার বাস সার্ভিসকে যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে নৌযান চলাচল, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগের সমন্বয় নিশ্চিত করা গেলে এসব রুটে যাত্রীসংখ্যা আরও বাড়বে। পাশাপাশি সেবার মান বাড়ানোর মাধ্যমে পরিচালন ব্যয় ও লোকসান কমানো সম্ভব হবে।

তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থায় নৌপথের গুরুত্ব অনেক। সড়কের ওপর চাপ কমানোর পাশাপাশি নৌপথকে আধুনিক ও নিরাপদ যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসও এ উদ্যোগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানসহ বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সট: শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >